যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক!
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করতে নতুন একটি বিল তুলেছেন দেশটির তিন জনপ্রতিনিধি। খসড়া প্রস্তাবটি আইন হিসেবে কার্যকর হলে যুক্তরাষ্ট্রে টিকটকের সকল লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আসবে এবং শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্মটি বন্ধ হবে সেখানে। খবর সিএনএন।
টিকটক বন্ধে খসড়া প্রস্তাবের জেরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যিক ও ভূরাজনৈতিক দ্বন্দ্ব নতুন মাত্রা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবরে বলা হয়, নতুন খসড়া প্রস্তাবটি উত্থাপন করেছেন ‘সিনেট ইন্টেলিজেন্স কমিটি’র শীর্ষ রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও; তার সঙ্গে আছেন আরও দুই জনপ্রতিনিধি। বিলে সরাসরি টিকটক এবং প্ল্যাটফর্মটির মূল কোম্পানি বাইটড্যান্সের নাম উল্লেখ করেছেন তারা।
শুধু টিকটক নয়, ‘যথেষ্ট প্রভাব বিস্তারে সক্ষম’ বিদেশি প্রতিপক্ষ হিসেবে বিবেচিত দেশগুলো থেকে নিয়ন্ত্রিত এবং প্রতি মাসে অন্তত ১০ লাখ নিয়মিত ব্যবহারকারী আছে এমন সকল সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে খসড়ায়। বিদেশি প্রতিপক্ষ হিসেবে চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, কিউবা এবং ভেনেজুয়েলার মত দেশগুলোর কথাই বলেছেন মার্কিন সিনেটররা।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্যে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রিপাবলিকান পার্টির গভর্নররা।
ডিবিটেক/বিএমটি